× Pujibazarpress - Follow Us
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
আজকের সংবাদ

শেয়ারবাজার ধসের গুজব, কঠোর হুঁশিয়ারি বিএসইসির

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে গুজব ও ভিত্তিহীন বলে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এসব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বিএসইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে বলে ঘোষণা দিয়ে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে।

বিএসইসি স্পষ্ট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর।

এ ধরনের প্রচারণা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং শেয়ারবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পারে।

বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএসইসি।

একই সঙ্গে শেয়ারবাজার নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে।

দেশের শেয়ারবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিএসইসি।

বাজার নিয়ে কোনো তথ্য, ঘোষণা বা পূর্বাভাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলে তা যাচাই না করে বিশ্বাস করা কিংবা শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কমিশন। বিনিয়োগকারীদের গুজবে প্রভাবিত না হয়ে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএসইসির পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কমিশনের মুখপাত্র মো. আবুল কালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *