বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
অর্থনীতিএক্সক্লুসিভ

অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা: বাণিজ্য উপদেষ্ট’ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ণসিএসই
আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা– বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত হতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করেই যদি আমরা অতিরিক্ত ব্যয় করি, তখন তো উদ্বৃত্ত আসবে না। নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে আমাদের ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫-রোড টু মেইড ইন বাংলাদেশ’ মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদেরকে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব না। আমাদের দেশে গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর পলিসি সাপোর্ট নিয়ে কিছুই করতে পারেনি।
শেখ বশিরউদ্দীন বলেন, স্বাধীনতার পূর্বে আমাদের শিল্পের যে বৈশিষ্ট্য ছিল, এখন সেটি নেই। পূর্বে এখানে বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। এখন সেটি নেই। আমরা স্বাধীনতার পর সেই সুযোগ কাজে লাগাতে পারিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। প্যানেল আলোচক ছিলেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, বারবিডা সভাপতি আব্দুল হক প্রমুখ।
প্রসঙ্গত, নাবিস্কো বাসস্ট্যান্ডের কাছে এডিসন প্রাইম ভবনে অবস্থিত বিসিআই অফিস ভবনের টপ ফ্লোরে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয় শনিবার (২০ সেপ্টেম্বর)। এতে কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল এবং ১২টি শিল্প সহায়ক প্রতিষ্ঠানের স্টল রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মেলার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *