অস্বাভাবিক দর বৃদ্ধিতে দুই কোম্পানির লেনদেন স্থগিত
শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স ও উসমানিয়া গ্লাস-এর শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই)।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) দিনের অবশিষ্ট সময়ের জন্য কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়। সাম্প্রতিক সময়ে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ ছাড়াই শেয়ার দুটির দাম ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর ১৪৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১৭০ টাকা ৬০ পয়সায় ওঠে, যা প্রায় ১৬ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি। একই সময়ে উসমানিয়া গ্লাসের শেয়ারদর ৩৭ টাকা ৩০ পয়সা থেকে ৭০ টাকা ২০ পয়সায় পৌঁছে, অর্থাৎ প্রায় ৮৮ দশমিক ২০ শতাংশ বেড়েছে।
এর আগে দর বৃদ্ধির কারণ জানতে ডিএসই কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চাইলেও তারা জানায়, শেয়ারদর বৃদ্ধির মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। এ অবস্থায় দর বৃদ্ধির পেছনে কোনো অনিয়ম বা বাজার কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
