শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
অর্থনীতি

আইএমএফের জোর: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে সংস্কার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং আর্থিক খাতের দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এসব কথা বলেন।

তিনি জানান, গত সেপ্টেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি জিডিপির তুলনায় রাজস্ব আহরণের অনুপাত প্রায় ৭ শতাংশে নেমে এসেছে, যা বিশ্বের সর্বনিম্ন পর্যায়গুলোর একটি। এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাত শক্তিশালী করা ও রাজস্ব বাড়াতে সমন্বিত সংস্কার প্রয়োজন।

বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের আলোচনা চলছে। গত জুলাইয়ে সংস্থাটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা করে। বাংলাদেশকে সংস্কার বাস্তবায়নে সহায়তা করতে আইএমএফ আগ্রহী বলেও জানান কৃষ্ণ শ্রীনিবাসন।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। পরে ঋণের পরিমাণ বাড়িয়ে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার করা হয়। এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *