শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
আন্তর্জাতিক শেয়ারবাজার

আইপিওর আগে অ্যানথ্রপিকের আয় লাফিয়ে ১৬৮০ কোটি ডলার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আয় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ১৬৮০ কোটি ডলারে পৌঁছেছে। একই সঙ্গে সমন্বিত হিসাবে মুনাফার সম্ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে সম্ভাব্য বিনিয়োগকারীদের এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে অ্যানথ্রপিক। এর আগে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল ৪৭০ কোটি ডলার এবং দ্বিতীয় প্রান্তিকে ১১৬০ কোটি ডলার।

মার্কিন শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রস্তুতির অংশ হিসেবে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে আয় বৃদ্ধি ও মুনাফার সম্ভাবনা তুলে ধরছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের শেষ নাগাদ অ্যানথ্রপিকের বার্ষিক আয় ১১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আইপিওতে ২ ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যায়ন পাওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে দ্রুত সম্প্রসারণের পাশাপাশি এআই প্রযুক্তি, চিপ, তথ্যকেন্দ্র ও কম্পিউটিং অবকাঠামোতে বিপুল ব্যয় অ্যানথ্রপিকের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ৪৬০ কোটি ডলার, তবে একই সময়ে পরিচালন লোকসান ৮০০ কোটি ডলারের বেশি ছিল বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওপেনএআইয়ের সাবেক কর্মকর্তাদের প্রতিষ্ঠিত অ্যানথ্রপিকের ক্লদ এআই মডেল বর্তমানে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনের বিনিয়োগ এবং অবকাঠামোগত সহায়তা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য আইপিও এআই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *