শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

২৬ মাস পর সিএমএসএফের নেতৃত্বে বিএসইসি চেয়ারম্যান, গঠন ৭ সদস্যের বোর্ড

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: দীর্ঘ ২৬ মাসের নেতৃত্বশূন্যতার অবসান ঘটিয়ে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) কার্যক্রম পরিচালনায় সাত সদস্যের অন্তর্বর্তীকালীন গভর্নেন্স বোর্ড গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বোর্ডের নেতৃত্ব দেবেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

বর্তমানে সিএমএসএফের অধীনে আনুমানিক ১ হাজার ৭০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ কোটি টাকা নগদ অর্থ এবং ৮০০ কোটি টাকার সমপরিমাণ শেয়ার। ২০২৪ সালে আগের বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ফান্ডটির স্থায়ী বোর্ড ছিল না।

বিএসইসি জানিয়েছে, প্রস্তাবিত ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড দায়িত্ব পালন করবে। ফান্ডটির কার্যক্রম আরও শক্তিশালী ও আইনগতভাবে সুসংহত করতে বিদ্যমান বিধিমালার পরিবর্তে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনে অবণ্টিত নগদ লভ্যাংশ, বোনাস ও রাইট শেয়ার, আইপিও ও কিউআইওর ফেরত না দেওয়া অর্থসহ বিভিন্ন দাবিহীন সম্পদ ফান্ডের আওতায় আনার প্রস্তাব রয়েছে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগকারী বা তাঁদের আইনগত উত্তরাধিকারীদের যেকোনো সময় এসব অর্থ ও সম্পদ ফেরত দাবি করার সুযোগ রাখার কথা বলা হয়েছে। দাবির ক্ষেত্রে কোনো মেয়াদসীমা না রাখার প্রস্তাবও রয়েছে।

এ ছাড়া বিনিয়োগকারী শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং লভ্যাংশ বিতরণ ও উৎসে কর ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ও প্রস্তাবিত আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশীজনদের মতামত নেওয়ার পর খসড়া আইনটি অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপনের আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *