আইএমএফের নতুন ঋণ পেতে আশাবাদী অর্থমন্ত্রী
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন কর্মসূচির আওতায় ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, ঋণ পেতে আইএমএফের নির্ধারিত শর্তগুলো পূরণ করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ব্যাংকিং খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, বাজেট-পরবর্তী অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা ও অংশীদারত্ব অব্যাহত থাকবে।
