আইপিওতে ৪০০ কোটি টাকা তুলতে চায় কনফিডেন্স পাওয়ার
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। এবার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কোম্পানিটি।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত রোড শোতে কোম্পানির আইপিও পরিকল্পনা, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্য তুলে ধরা হয়।
কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, আইপিওর অর্থের প্রায় ৮৩ শতাংশ সৌরবিদ্যুৎ প্রকল্পের জমি কেনা ও অবকাঠামো নির্মাণে, ১৫ শতাংশ ঋণ পরিশোধে এবং বাকি ২ শতাংশ আইপিও-সংশ্লিষ্ট খরচে ব্যয় করা হবে। দুটি ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে যথাক্রমে ২৩০ কোটি ও ১০২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঋণ পরিশোধে ৬০ কোটি এবং আইপিও খরচে ৮ কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির চেয়ারম্যান ইমরান করিম জানান, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ হাজার মেগাওয়াটের বেশি করার লক্ষ্য রয়েছে। এ জন্য সৌরবিদ্যুৎ, এলএনজি অবকাঠামো, কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র ও ব্যাটারিভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো হবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত আয় ছিল ১ হাজার ৭৭১ কোটি টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৪৭৭ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৮৩ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৩ টাকা ২৩ পয়সা।
২০১৭ সালে যাত্রা শুরু করা কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির অধীনে বগুড়া, রংপুর ও চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্র রয়েছে। কোম্পানিটি ভবিষ্যতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়িয়ে উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনা করছে।
