বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
আজকের সংবাদ

আজ থেকে চালু হচ্ছে ডিএসইর নতুন ওয়েবসাইট

পুঁজিবাজারে তথ্য ও সেবা বিনিয়োগকারীদের কাছে সহজেই পৌঁছে দিতে নতুন ওয়েবসাইট চালু করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম নতুন ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে নতুন ওয়েবসাইট। এতে তথ্য খোঁজা ও বিভিন্ন সেবা নেওয়ার প্রক্রিয়া আগের চেয়ে সহজ করার পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার, আইপিএফের চেয়ারম্যান নাসরিন বেগম, ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের নতুন ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিতে পুরনো ওয়েবসাইটটিও ডিসেম্বর পর্যন্ত চালু রাখা হবে। এরপর সেটি বন্ধ করে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ডিএসইর নতুন ওয়েবসাইট চালুর উদ্যোগকে প্রতিষ্ঠানটির চলমান প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে অনলাইনে হিসাব খোলা, খুচরা বিনিয়োগকারীদের সেবা সহজ করা এবং প্রযুক্তিনির্ভর বাজার নজরদারি ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগের কথা জানিয়েছিল সংস্থাটি।

শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দা ও বিনিয়োগকারীদের আস্থার সংকটের মধ্যে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বাজার নজরদারি আরও তথ্যভিত্তিক ও ঝুঁকিনির্ভর করার পাশাপাশি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং তথ্যভিত্তিক সফটওয়্যার তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ওয়েবসাইটসহ প্রযুক্তিগত ও কাঠামোগত এসব উদ্যোগের মূল লক্ষ্য বাজারের কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করা। একই সঙ্গে বিনিয়োগকারীদের তথ্যপ্রাপ্তি ও সেবার মান উন্নত করাও এর অন্যতম উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *