বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
অর্থনীতি

আবার ও দেশের বাজারে বাড়লো সোনার দাম

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে সংগঠনটি। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে স্বর্ণালঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
সর্বশেষ গত ১৫ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এবার আরও ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ল দাম।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১০৫ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৩ দফা দাম বেড়েছে, ৫১ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
সোনার দাম পাশাপাশি বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *