আর্থিকভাবে দুর্বল তিনটি কোম্পানির কার্যক্রম ঘিরে অনুসন্ধান করবে’ ( ডিএসই)
প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিকভাবে দুর্বল তিনটি কোম্পানির কার্যক্রম ঘিরে অনুসন্ধানমূলক পরিদর্শন শুরু করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, শেয়ার লেনদেন ও সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পরিদর্শনের আওতায় থাকা কোম্পানিগুলো হলো— অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড এবং লিব্রা ইনফিউশন লিমিটেড। বর্তমানে তিনটি কোম্পানিই শেয়ারবাজারের ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের ওপর অনুসন্ধানমূলক পরিদর্শনের অনুমতি দিয়েছে কমিশন।
বিএসইসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক অবস্থার অবনতি, পরিচালন কার্যক্রম, শেয়ার লেনদেনের ধরন এবং বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোর শেয়ারদরের অস্বাভাবিক গতিবিধিও পর্যালোচনার আওতায় আসবে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস এবং এএফসি অ্যাগ্রো বায়োটেক টানা তিন বছর ধরে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। পাশাপাশি কোম্পানি দুটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার না থাকায় বিএসইসির নির্দেশনাও মানা হচ্ছে না। তবে আর্থিক দুর্বলতা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানি দুটির শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্যদিকে, লিব্রা ইনফিউশন গত চার বছর ধরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। যদিও কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার রয়েছে, তারপরও গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে বাড়তে দেখা গেছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, এএফসি অ্যাগ্রো বায়োটেক ও লিব্রা ইনফিউশনের ওপর অনুসন্ধানমূলক পরিদর্শন কার্যক্রম পরিচালনার বিষয়ে ডিএসইর একাধিক আবেদন কমিশনের নজরে এসেছে। এসব আবেদন বিবেচনায় নিয়ে কমিশন সংশ্লিষ্ট তিন কোম্পানির ওপর পরিদর্শন কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
