বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
ব্যাংক

ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দিয়েছে সৌদির আরবসাস

সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিল। সম্প্রতি ব্যাংকটির পর্ষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে প্রতিষ্ঠানটি। এবার ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করেছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে হাতবদল হওয়া শেয়ারের মূল্য ৫২৫ কোটি টাকা। ইসলামী ব্যাংকের এই লেনদেনের ভিত্তিতে সিএসইতে ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। ইসলামী ব্যাংকের মোট লেনদেনের ৯৮.৫০ শতাংশ হয়েছে। বাকি সব কোম্পানির মিলিয়ে লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি টাকা।

ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার ছিল বিদেশি এই কোম্পানির। ইসলামী ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮ টাকা। সে হিসেবে ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের পরিমাণ ১৬ কোটি ৮ লাখ টাকার কিছু বেশি।

আজ সিএসইতে ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৯ লাখ শেয়ার বিনিময় হয়েছে। অর্থাৎ, আরবসাসের কাছে থাকা সম্পূর্ণ শেয়ার এই দিনে বিক্রি হয়েছিল। সিএসইতে আজ লেনদেন হওয়া ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ টাকা ৩০ পয়সা।

বর্তমানে ইসলামী ব্যাংকের বেশির ভাগ শেয়ারের মালিকানা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের। ২০১৭সালে এস আলম গ্রুপের হাতে ব্যাংকটি নেওয়ার পর, বিদেশী সংস্থাগুলি একে একে এর মালিকানা থেকে সরে যেতে শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি তাদের শেয়ার বিক্রি করেছে।

এর আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ইসলামী ব্যাংকের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক চিঠিতে বলা হয়, আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি ব্যাংককে জানিয়েছে যে তারা ইসলামী ব্যাংকের পরিচালক পদ থেকে সরে এসেছে। এর ভিত্তিতে গত ২৬ জুলাই পরিচালনা পর্ষদের সভায় এটি অনুমোদন করা হয়। মুসাইদ আবদুল্লাহ এ আল-রাজি আরবসাসের পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেয়ার বিক্রি করে শেষ পর্যন্ত ব্যাংকের মালিকানা থেকে নিজেকে সরিয়ে নেয় বিদেশি কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *