শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

ঈদের ছুটিতে পূবালী ব্যাংকের জমি দখল

ঈদের ছুটিতে সব অফিস-আদালত বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে রাজধানীর বড় মগবাজারে পূবালী ব্যাংকের জমি দখলের অভিযোগ উঠেছে। গত ১৯ মার্চ রাতে ব্যাংকটির অফিসার্স কোয়ার্টারে ৩০ থেকে ৪০ জন এসে একটি অংশ দখল নিয়ে টিনের বেড়া লাগিয়ে দেয়। ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবেশী মাহিয়া বেগমের লোকজন এই জমি জোর করে দখল নিয়েছে। ১৯৮৪ সালে মাহিয়ার কাছ থেকে জমি কেনে পূবালী ব্যাংক। কিন্তু তারা রেজিস্ট্রি করে দিচ্ছিল না। পরবর্তী সময়ে ব্যাংক আদালতে গেলে আদালতের মাধ্যমে রেজিস্ট্রি হয় এবং জমি বুঝিয়ে দেওয়া হয়। এরপর আদালতে আপত্তি জানান মাহিয়া। আদালত এরপর আর কোনো আদেশ দেননি। এর মধ্যে গত বছরের ২৬ নভেম্বর রাতে দখলের চেষ্টা করা হয়। তখন হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়।
ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, গত ১৯ মার্চ রাতে আবার জায়গাটি দখল করতে আসে সন্ত্রাসীরা। মোটরসাইকেলে করে তারা দলবল নিয়ে এসে হুমকি-ধমকি দিয়ে কোয়ার্টারের ভেতরের একটি জায়গা টিনের বেড়া দিয়ে দখল করে নেয়। তিনি বলেন, সঙ্গে সঙ্গে আমরা হাতিরঝিল থানাকে জানাই। কিন্তু তারা সেই সময় আসেনি। পরের দিন একজন এসআই এসে ঘুরে গেছেন। তিনিও দখলমুক্ত করার কোনো পদক্ষেপ নেননি।
পূবালী ব্যাংকের আইনগত বিষয়গুলো দেখেন—এমন একজন কর্মকর্তা বলেন, আমরা আবারও আদালতে যাব। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমের কারণে কোয়ার্টারে বসবাসরত কর্মকর্তারা ও তাদের পরিবার আতঙ্কে আছে। এ প্রসঙ্গে জানতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত সরকারি নম্বরে কথা হয় একই থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ আলীর সঙ্গে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ওসি স্যার ছুটিতে আছেন। এ ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *