বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

উৎপাদন বাড়াতে ওরিয়ন ইনফিউশনের ২০.৫০ কোটি টাকার বিনিয়োগ

দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ইন্ট্রাভেনাস (আইভি) ফ্লুইডস উৎপাদন লাইন সম্প্রসারণের জন্য ২০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে অরিয়ন ইনফিউশন লিমিটেড। এই বিনিয়োগে চলতি মূলধনও অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) শেয়ারবাজারে দেওয়া এক তথ্যে কোম্পানিটি জানায়, পরিচালনা পর্ষদ এই বিনিয়োগের অনুমোদন দিয়েছে, যা সম্পূর্ণরূপে কোম্পানির অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়ন করা হবে। এই সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইকুলি প্ল্যান্টে শিগগিরই শুরু হবে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি চালু হলে কোম্পানির উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে অরিয়ন ইনফিউশন আইভি ফ্লুইডসের ক্রমবর্ধমান বাজার চাহিদা আরও ভালোভাবে পূরণ করতে সক্ষম হবে। কোম্পানিটির প্রত্যাশা, এই সম্প্রসারণের ফলে বছরে অতিরিক্ত ২৫ কোটি ৫০ লাখ টাকা বিক্রয় রাজস্ব আসবে, যা এর মুনাফাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে।
বিনিয়োগের এই ঘোষণার পর শেয়ারবাজারে কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে জোরালো আশাবাদ দেখা গেছে। এরফলে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অরিয়ন ইনফিউশন-এর শেয়ারের দর ৩.৭১% বৃদ্ধি পেয়ে ৩৮৮ টাকা ৮০ পয়সায় ক্লোজ হয়েছে।
এদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছর-এর জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যেখানে আগের অর্থবছরে ছিল ২ টাকা ৮ পয়সা এবং ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ২ পয়সা, যেখানে আগের অর্থবছরে ছিল ১৫ টাকা ৪৫ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ডের জন্য যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১ ডিসেম্বর ২০২৫।
অরিয়ন গ্রুপের এই প্রতিষ্ঠানটি হলো দেশের আইভি স্যালাইন এবং জীবন রক্ষাকারী ইনফিউশন পণ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি, যা বাংলাদেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পণ্য সরবরাহ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *