টানা ৫ দিনের পতনের পর শেয়ারবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বাড়ল ৯৩ পয়েন্ট
টানা পাঁচ কর্মদিবসের দরপতনের পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও ঊর্ধ্বমুখী ছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনে বাজার তলানিতে যাওয়ার পর একদিনের উত্থানে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। ধারাবাহিক পতনে সূচক যে পরিমাণ পয়েন্ট হারিয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে। বাজারে টানা উত্থানের ধারা বজায় থাকলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং লেনদেনে তাদের অংশগ্রহণ বাড়বে।
তাদের মতে, বর্তমান কমিশন শেয়ারবাজারের উন্নয়নে যেসব পদক্ষেপ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেগুলো ইতিবাচক। তবে এর আগে বাজারকে স্থিতিশীল করা জরুরি। ধারাবাহিক দরপতনের পেছনের কারণগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বাজার সংশ্লিষ্টরা আরও বলেন, মঙ্গলবারের বাজারচিত্র শুরু থেকেই ইতিবাচক ছিল। এই ইতিবাচক ধারা ধরে রাখতে পারলে বিনিয়োগকারীদের মধ্যে আবারও বাজারের প্রতি আস্থা তৈরি হবে। ধারাবাহিক দরপতনের কারণে বর্তমান কমিশন বিতর্কের মুখে পড়েছে এবং তাদের প্রতি বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাজারকে উত্থানের ধারায় ফিরিয়ে আগের অবস্থার চেয়েও শক্তিশালী পর্যায়ে নিতে হবে। একই সঙ্গে বাজারের এ ধারা অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। তাহলেই বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আস্থার সংকট দূর হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৩৬টির শেয়ারদর বেড়েছে, ২১টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার ডিএসইতে প্রায় ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৮ কোটি ৩১ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৬১টির দর কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৯৮ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই সূচক কমেছিল ১৬১ দশমিক ৯৭ পয়েন্ট।
