শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

ডরিন পাওয়ারের ফেনী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ফেনীতে অবস্থিত ২২ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি।

তথ্যানুসারে, গত বছরের ২৭ ফেব্রুয়ারি ডরিন পাওয়ারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কাছে আলোচ্য প্লান্টটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে, যা ‌এখনো বিবেচনাধীন। ফেনী বিদ্যুৎ কেন্দ্রটির পিপিএর মেয়াদ ১৫ ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বা মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত এর উৎপাদন বন্ধ থাকবে।

২০০৮ সালের নভেম্বরে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস লিমিটেডের যাত্রা হয়। ২০১০ সালে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্দার্ন ও সাউদার্ন বিদ্যুৎ কেন্দ্র দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ডরিন পাওয়ার ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *