তথ্য প্রকাশে স্বচ্ছতা এখনো পুঁজিবাজারের বড় চ্যালেঞ্জ
উদীয়মান প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্সকে কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের আরো সচেতন, আত্মবিশ্বাসী ও তথ্যসমৃদ্ধ করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন। তিনি বলেন, ‘পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রযুক্তি ও তথ্যের সঠিক ব্যবহারই বাজারের আস্থা ফিরিয়ে আনতে পারে।’
বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘Empowering Investors through Emerging Technology and Digital Finance’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম ও সিএসই চেয়ারম্যান একে এম হাবিবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিএসই’র সহকারী মহাব্যবস্থাপক কামরুন নাহার।
