তৃতীয় প্রান্তিক প্রকাশ বার্জার পেইন্টসের
পুজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ৩১ ডিসেম্বর, ২০২৩-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ১৪ টাকা ৭৩ পয়সা।
হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (এপ্রিল’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৪৪ টাকা ১৬ পয়সা।
সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৯ টাকা ৭০ পয়সা।
