রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
আজকের সংবাদ

দরপতনে নাজেহাল শেয়ারবাজার, কমিশন পুনর্গঠনের দাবি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে সূচক ও লেনদেনের পরিস্থিতি ক্রমেই হতাশাজনক হয়ে উঠছে। বর্তমান সরকারের সময়ে এমন পরিস্থিতি হবে, তা বিনিয়োগকারীদের প্রত্যাশার বাইরে ছিল।

বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান কমিশন। দিন যত যাচ্ছে, কমিশনের ব্যর্থতার দায়ও তত বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিই প্রমাণ করছে যে শেয়ারবাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন সম্পূর্ণ অযোগ্য। তাই যত দ্রুত সম্ভব এই কমিশনকে অপসারণ করা জরুরি।

অন্যথায় দেশের শেয়ারবাজার ধ্বংসের মুখে পড়বে। এমন পরিস্থিতিতে বাজারে নতুন করে বিনিয়োগ করতে কেউ আগ্রহী হবেন না। বরং নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়ার পরিবর্তে কমতে থাকবে।

বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, সবকিছুরই একটি সীমা রয়েছে। কিন্তু দেশের শেয়ারবাজারে সীমাহীন দরপতন চলছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আস্থার সংকট তৈরি করছে। এ অবস্থায় সরকারের উচিত বর্তমান কমিশনকে দ্রুত অপসারণ করে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করা। তা না হলে শেয়ারবাজার ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের মতে, ফ্যাসিস্ট সরকারের আমলে বাজারের এমন পরিস্থিতি তৈরি হলেও তা হয়তো মেনে নেওয়া যেত। কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শেয়ারবাজারের এমন নেতিবাচক অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারের উন্নয়নে সরকারের উচিত বর্তমান কমিশনকে ঢেলে সাজানো।

এদিকে, আজ (১৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৪২২ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। একই দিনে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩ দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ দশমিক ৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির শেয়ারদর বেড়েছে, ২১৭টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত ছিল।

রোববার ডিএসইতে মোট প্রায় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩১৭ কোটি ৩৭ লাখ টাকা। সেই হিসাবে, আগের দিনের তুলনায় এদিন লেনদেন বেড়েছে প্রায় ৪৮ কোটি ২৪ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এই বাজারে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৭২টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৬ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩৭ দশমিক ০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *