নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় দিল বিএসইসি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি (Negative Equity) এবং আনরিয়েলাইজড লস (Unrealized Loss) সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক সংশ্লিষ্ট আবেদনকৃত প্রতিষ্ঠানসমূহের জন্য তাদের সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে, যে সকল প্রতিষ্ঠানের সময়সীমা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে তা ঐভাবেই বলবৎ থাকবে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিক প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে।
তবে, ২০২৬ সালের মধ্যে নতুনভাবে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২৬ সালেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে ২০২৬ সালে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত প্রভিশন সংরক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা যাবে না বা তা সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই সমন্বয় করতে হবে।
এছাড়া, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট হিসাবসমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদানের লক্ষ্যে কমিশন নিম্নোক্ত শর্তসমূহ আরোপ করেছে:
ক। নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ের মাধ্যমে পোর্টফোলিও rebalancing করা যাবে। তবে এ ধরনের ক্রয়ের বিপরীতে কোনো নতুন মার্জিন ঋণ প্রদান করা যাবে না এবং এসকল বিও হিসাবের কোন লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না।
খ। প্রভিশনিং ও সমন্বয়কালীন সময়ে উক্ত BO হিসাবসমূহে মার্জিন ঋণের সুদ (Interest) কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি (Portfolio Management Fee) আরোপ করা যাবে না।
গ। নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবসমূহের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা বা তাঁদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না।
ঘ। বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ (Cash Dividend) ঘোষণা বা বিতরণ করিতে পারিবে না।
কমিশন মনে করে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
