মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে চায় ভারত

পুঁজিবাজার প্রেস.কম :পুঁজিবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে চায় ভারত। পাশাপাশি বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারেও আশ্বাস দিলেন ভারতে নিযুক্ত সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

রবিবার আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শনকালে এ আশ্বাস দেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে একটি কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন। এতে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারের বহুমুখীকরণ, পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গঠন বিষয়ে আলোচনা হয়। তুলে ধরেন নতুন অ্যাসেট ক্লাস সম্প্রসারণের সম্ভাবনার বিষয়েও।

সিএসইকে একটি মাল্টি অ্যাসেট ক্লাস এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে ভারতীয় বিনিয়োগকারী ও ব্রোকারদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ভারতীয় সহকারী হাইকমিশনার।

‘ভারতের পুঁজিবাজারের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে দেশটি আগ্রহী। যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং নলেজ ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের আর্থিক বাজার আরও শক্তিশালী করা সম্ভব’— উল্লেখ করেন ডা. রাজীব রঞ্জন।

তার ভাষ্য, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) সফল অভিজ্ঞতা সিএসইর জন্য কার্যকর মডেল হতে পারে। বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস খাতে ভারতের দক্ষতা বাংলাদেশের জন্য মূল্য নির্ধারণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে ভারতীয় হাইকমিশনার বললেন, ভারত বাংলাদেশকে শুধু প্রতিবেশী নয়, বরং একটি উন্নয়ন অংশীদার হিসেবে দেখে। দুই দেশ ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ডা. রাজীবের।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পর্ষদ পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও নাজনীন সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *