পুঁজিবাজারে অবরোধের শেষ দিনে বেড়েছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক কমেছে। তবে আগের দিনের তুলনায় টাকায় লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে।
অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ‘ডিএস৩০’ সূচক ০.২৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ২৭ লাখ টাকা।
একই দিনে ডিএসইতে মোট ৩১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির।
