বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আইপিও

পুঁজিবাজারে প্রবেশের জন্য বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

পুঁজিবাজারে প্রবেশের জন্য বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, সিকদার ইন্স্যুরেন্স ১০ টাকায় ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে এবং পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। এর আগে গত ২৬ এপ্রিল কোম্পানির ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট পরিষ্কার না পাওয়ায় আইপিওর আবেদন বাতিল করে বিএসইসি। এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির চেয়ারম্যান ও সিইওকে পাঠানো হয়েছে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে, আইডিআরএ-এর বিধান অনুযায়ী পুঁজিবাজারে বাধ্যতামূলক তালিকা নিশ্চিত করার পাশাপাশি, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও ব্যয় নির্বাহ করা হবে।

৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত আর্থিক বছরের জন্য সর্বশেষ প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৩ পয়সা। আর কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা।

সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আইপিওর ইস্যু ম্যানেজার ও পর্যবেক্ষক এবং নিরীক্ষক হিসেবে কাজ করছে জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *