পুঁজিবাজারে বিনিয়োগ করে অনেকে সর্বস্বান্ত: তপন চৌধুরী
পুঁজিবাজার প্রেস.কম : স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান তপন চৌধুরী বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে অনেক মানুষ সর্বস্বান্ত হয়েছেন। এটা কারো জন্যই কাম্য নয়।
বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী এবং এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার।
তপন চৌধুরী বলেন, “অনেক বিনিয়োগকারী কোম্পানির ব্যালেন্স শিট বুঝতে পারেন না। তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। টাকা না লাগলে কোনো কোম্পানি পুঁজিবাজারে আসতে চাইবে না।”
তিনি আরও বলেন, “পুঁজিবাজারে আসার সময় যারা স্কয়ার ফার্মার শেয়ার কিনেছিলেন, তাদের জন্য আমার বাবা স্যামসন এইচ চৌধুরী স্কয়ার টেক্সটাইলের শেয়ার বিনামূল্যে দিতে চেয়েছিলেন। কিন্তু সরকার তখন বাধা দেয়। পরে তিনি উচ্চ আদালতের নির্দেশে সেই শেয়ার বিতরণ করেন।”
তপন চৌধুরী জানান, “এক সময় আমাদের কোম্পানির মূলধন ছিল ৯০ কোটি টাকা। এখন শুধু স্কয়ার ফার্মার মার্কেট ক্যাপ ১৮ হাজার ১৭২ কোটি টাকা। এতে বিনিয়োগকারীদের অবদান অনেক। আমার বাবা সব সময় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কথা বলে গেছেন।”
