পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয় বলে বিএসইসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমেরিকান প্রতিনিধি দলে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে এবং কমার্শিয়াল স্পেশালিস্ট আবীর বড়ুয়া।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংগঠনের নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ও পরিচালক ফারহানা ফারুকী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় পুঁজিবাজারে কীভাবে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করা এবং তাদের পোর্টফোলিও বিনিয়োগের প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সম্ভাব্য খাতের সুযোগ কাজে লাগিয়ে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও ত্বরান্বিত করার মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে একটি জনপ্রিয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে।
বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল বাংলাদেশে একটি প্রাণবন্ত, গতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে আগ্রহ প্রকাশ করে। এ সময় বিএসইসি ও বিডা’র যৌথ উদ্যোগে আগামী বছর যুক্তরাষ্ট্রে আরেকটি রোড শো আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ডিএসইর প্রযুক্তিগত উন্নয়নে নাসডাক টেকনোলজি এবি বা নাসডাক ওএমএক্স গ্রুপের সহায়তায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
এছাড়া দেশের পুঁজিবাজারের আধুনিকায়ন ও সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে বৈঠকের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়।
