পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে মাঝারি উদ্যোক্তাদের প্রস্তুত করছে বিএসইসি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক অর্থায়ন প্রাপ্তি এবং পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বিএসইসি ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের (ডব্লিউডিআই) যৌথ উদ্যোগে ‘Investment Readiness Workshop for Midcap Enterprises in Bangladesh’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
উদ্বোধনী বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের এসএমই খাতের বিকাশে প্রধান দুটি প্রতিবন্ধকতা হলো প্রয়োজনীয় মূলধনের অভাব এবং আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দুর্বলতা। ব্যাংকঋণের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা ও কার্যক্রমের চেয়ে জামানতের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, ব্যাংকঋণের বাইরে পুঁজিবাজার হতে পারে উদ্যোক্তাদের মূলধন সংগ্রহের গুরুত্বপূর্ণ বিকল্প উৎস। বিএসইসি দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে স্বাগত জানায়। তবে পুঁজিবাজারে আসতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সুদৃঢ় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক সক্ষমতা এবং টেকসই ব্যবসায়িক সম্ভাবনা থাকা জরুরি।
মাসুদ খান আরও বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদনের জন্য কোনো প্রতিষ্ঠান আবেদন করলে তার ব্যবসায়িক পরিকল্পনা, সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য রিটার্ন সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে বিএসইসি। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়ে উদ্যোক্তাদের পুঁজিবাজারে আসার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম বক্তব্য দেন।
এতে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের সিনিয়র ডিরেক্টর (ইমপ্যাক্ট ইনভেস্টিং) গগনদীপ সিং বক্সী।
দুই দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন খাতের ২৪টি এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করছেন।
কর্মশালার প্রথম দিনে বিনিয়োগ প্রস্তুতি, ব্যবসার মূল্যায়ন, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং কার্যকর পিচ ডেক তৈরির বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় দিনে ব্যবসার মূল্যায়ন, ডিউ ডিলিজেন্স প্রস্তুতি, টার্ম শিট, শেয়ারহোল্ডার চুক্তি এবং সংশ্লিষ্ট কেস স্টাডি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালাটি শেষ হবে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক।
