বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা প্রদানে গভীর আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর ফলে দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, বেসরকারি খাতে বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান তাকেও কোইকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে নিয়ন্ত্রক সংস্থা এবং ম্যানিলাভিত্তিক বহুপাক্ষিক উন্নয়ন সংস্থাটির মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা, বেসরকারি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের সংস্থান, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের যখন একটি শক্তিশালী ও বৈচিত্র্যময় শেয়ারবাজার প্রয়োজন, ঠিক এমন সময়েই এডিবির এই আগ্রহ প্রকাশ পেল।
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের শেয়ারবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের নেওয়া নানা উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বেসরকারি খাতের প্রসারে সহায়তা এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে শেয়ারবাজারকে আরও গতিশীল ও কার্যকর করার গুরুত্বও তিনি উল্লেখ করেন।
এডিবির প্রতিনিধিদল শেয়ারবাজারের অগ্রগতিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং পিপিপি উদ্যোগগুলোকে শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করে। এ ছাড়া দেশের ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ সহায়তা ও অর্থায়নের সুযোগ বিস্তৃত করতে শেয়ারবাজার কীভাবে আরও বড় ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে যেকোনো যৌথ উদ্যোগ বাস্তবায়নে এডিবিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএসইসি। উভয় পক্ষই ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
