পূঁজিবাজারে ১৩ বছরেও ন্যূনতম শেয়ার ধারণ করতে পারেনি ২৬ কোম্পানির পরিচালক
উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণের শর্ত পূরণে ব্যর্থ কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলেও জানানো হয়।
গত ২০২৩ সালের সেপ্টেম্বরে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে পুনরায় কঠোর অবস্থান নেয়। যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করেনি তাদেরকে সেই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে (১৫ দিনের মধ্যে) এ বিষয়ে পরিকল্পনা জমা দিতে নির্দেশনা জারি করে।
ডিএসই সূত্র মতে, ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত ২৯টি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ মানেনি। তবে ডিসেম্বর ২০২০ থেকে মে ২০২৩ পর্যন্ত ১৫টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা ৩০ শতাংশ শেয়ার ধারণ করে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন করে।তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যে ২৬টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছে। তার মধ্যে বস্ত্র খাতের ৬টি, ওষুধ ও রসায়ন খাতের ৩টি, প্রকৌশল খাতের ৭টি, আইটি খাতের ২টি, খাদ্য খাতের ২টি, আর্থিক খাতের ১টি, পাট খাতের ১টি, জীবন বিমা খাতের ১টি, মিউচুয়াল ফান্ড খাতের ১টি, কর্পোরেট বন্ড ১টি এবং ব্যাংক খাতের ১টি কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলিটেক্স লিমিটেড, এক্টিভ ফাইন, আফতাব অটোমোবাইলস, আলহাজ টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, বিডি থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো গ্রীণ সুকক, সেন্ট্রাল ফার্মা, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ডেল্টা স্পিনিং, ইস্টার্ণ কেবলস, এফএএস ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, জেনারেশন নেক্সট ফ্যাশন, আইএফআইসি ব্যাংক, ফাইন ফুড, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, মিথুন নিটিং, নর্দান জুট, অলিম্পিক এক্সেসরিজ, ফার্মা এইড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
