পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ হচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির ১ হাজার ৫৩৩তম পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। এ মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা করা হবে। ফলে ১০ টাকা অভিহিত মূল্যের মোট ৪০০ কোটি সাধারণ শেয়ার থাকবে।
এ ছাড়া অনুমোদিত মূলধন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ।
অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব বাস্তবায়নে প্রথমে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
পর্ষদের এসব সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২৯ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
