প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা ডিএসই’র বাজার মূলধন বেড়েছে
বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই-৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচক কমেছে। তবে আলোচিত সপ্তাহে বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় ১৭ লাখ ৫০ হাজার কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭৮১ হাজার ৩৭০ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪২৬ টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৪৭১ কোটি ৭০ লাখ ৯১ হাজার ১৮৮ টাকা।
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ। পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জে ২ হাজার ৯৬৩ কোটি ৮৬ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকা।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ কমেছে ৯ দশমিক ৫৬ পয়েন্ট। বর্তমানে, সূচকটি দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৯ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অপর দুই সূচকও কমেছে। গত সপ্তাহে, ‘ডিএস ৩০’ সূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত ছিল। দর কমে দাঁড়িয়েছে ৯৬টি। বিপরীতে বেড়েছে ৭৬টি কোম্পানির শেয়ার দর।
