প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুদকের দুটি মামলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আলমগীর (৪৪) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং সাবেক ব্যবস্থাপক ছিলেন।
অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকাকালীন তিনি জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।
দুদক সূত্র জানায়, প্রথম মামলায় আলমগীরের বিরুদ্ধে ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ভুয়া ঋণগ্রহীতা তৈরি করে এই অর্থ তুলে নেন তিনি।
দ্বিতীয় মামলায় ৮৯টি ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে আরও ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। এভাবে দুই শাখায় মোট ৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছে।
