বড় ধরনের বিনিয়োগে আসছে পুঁজিবাজারের কোম্পানি বিএসআরএম
সরকারি ও বেসরকারি নির্মাণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্বিতীয় রি-রোলিং প্ল্যান্ট স্থাপনের জন্য প্রায় এক হাজার ৯০০ কোটি টাকা বিনিয়োগ করছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত তৈরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিএসআরএম।
এই বিনিয়োগের ফলে বিএসআরএম এর বিলেট তৈরির সক্ষমতা আড়াই লাখ টন ও স্টিল উৎপাদন সক্ষমতা বার্ষিক ছয় লাখ টন বাড়বে। এজন্য প্রতিষ্ঠানটি দ্বিতীয় রি-রোলিং ইউনিট স্থাপন করছে। এটি হবে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে।
কারখানা সম্প্রসারণের পর আগামী বছরের মধ্যে চট্টগ্রামভিত্তিক এই ব্যবসা প্রতিষ্ঠানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতা দাঁড়াবে প্রায় ২৪ লাখ টন। এটি দেশের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ হবে বলে জানিয়েছেন বিএসআরএমের দুই শীর্ষ কর্মকর্তা।
বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসেন দ্য ডেইলি স্টারকে বলেন, `আমরা আশা করছি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ইস্পাতের চাহিদা বাড়বে।`
তিনি আরও বলেন, `আমাদের অর্থনীতিতে সাময়িক কিছু সমস্যা যাচ্ছে। অর্থনীতি আবার ঘুরে দাড়াবে।`
বিএসআরএম জানিয়েছে, উৎপাদন সক্ষমতা বাড়াতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও দেশি-বিদেশি ব্যাংকগুলোসহ আন্তর্জাতিক অর্থায়নকারীদের কাছ থেকে সহায়তা পাওয়া গেছে।
প্রায় ১৭ কোটি ৫০ লাখ ডলারের এই প্রকল্পের মধ্যে জাইকার পাঁচ কোটি ডলারসহ আন্তর্জাতিক অর্থায়নকারীদের কাছ থেকে ১০ কোটি ৮০ লাখ ডলার পাবে বিএসআরএম।
