শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বাংলাদেশের পুঁজিবাজারে ডাকাতদের আড্ডা হয়ে গেছে: প্রেস সচিব

পুঁজিবাজার প্রেস.কম : বাংলাদেশের পুঁজিবাজার ডাকাতদের আড্ডায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হয়ে পুঁজি হারিয়েছেন। কারসাজি এখানে ছন্দময় প্রক্রিয়ায় সংগঠিত হয়েছে এবং এটি পরিচালিত হয়েছে কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের মাধ্যমে।

রবিবার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতে শেয়ারবাজার সংস্কারের দায়িত্বপ্রাপ্তরা গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করেছেন, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা উপেক্ষিত থেকেছেন এবং বাজারে ম্যানিপুলেশন হয়েছে।

শফিকুল আলম জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সভায় সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক মান অনুযায়ী সংস্কারের জন্য একটি বিদেশি বিশেষজ্ঞ দল আনা হবে। তিন মাসের মধ্যে তারা সুপারিশ দেবে এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, “এবার এমন সংস্কার হতে হবে যা গোষ্ঠীগত স্বার্থের বাইরে গিয়ে, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে।” তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশের শেয়ারবাজার একটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *