বাংলাদেশ ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল আজিজ।
গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৯৬তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি সুপ্রিম ল চেম্বার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও আর্থিক খাত, করপোরেট ও বাণিজ্যিক আইন, প্রকল্প অর্থায়ন এবং বৈদেশিক বাণিজ্য অর্থায়নে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (আরইবি) বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল আজিজের ব্যাংকিং খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। ব্যাংক পরিচালনা, করপোরেট ব্যাংকিং, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং কৌশলগত ব্যবস্থাপনায় তিনি অভিজ্ঞ।
১৯৮৬ সালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শাহজালাল ইসলামী ব্যাংকে তিনি চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসিতে (এক্সিম ব্যাংক) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত রয়েছেন। সেখানে তিনি ব্যবসায়িক কার্যক্রম, বিনিয়োগ ও কৌশলগত উদ্যোগের তদারকি করছেন।
বাংলাদেশ ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সময়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইন, ব্যাংকিং ও অর্থ খাতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের তদারকি কার্যক্রম আরও জোরদার করতে সহায়ক হবে। পাশাপাশি করপোরেট সুশাসন উন্নয়ন, অংশীজনদের আস্থা পুনরুদ্ধার, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
