পুঁজিবাজারে ৬ কোম্পানির গুরুত্বপূর্ণ ঘোষণা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি পর্ষদ সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দুটি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এবং চারটি কোম্পানি এজিএমের পদ্ধতি ও স্থান পরিবর্তনের তথ্য জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পর্ষদ সভা আগামী ৩০ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
অন্যদিকে, তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের পর্ষদ সভা আগামী ১ ডিসেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় একই সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিকে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। বিএসইসির ১৮ নভেম্বর ২০২৬ তারিখের চিঠির পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এছাড়া প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসির ২৩তম এবং বিবিএস ক্যাবলস পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভার স্থান পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় অনিবার্য পরিস্থিতি ও প্রশাসনিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়।
আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এজিএম দুটি ঢাকার মহাখালীর অ্যাডভান্সড নূরানী টাওয়ারের করপোরেট অফিসের পরিবর্তে গাজীপুরের শ্রীপুরের টেলিহাটিতে সংশ্লিষ্ট কোম্পানির নিবন্ধিত কার্যালয় ও কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বস্ত্র খাতের কোম্পানি তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির বার্ষিক সাধারণ সভার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। বিএসইসির ২৪ নভেম্বর ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, পূর্বঘোষিত হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তবে সভা-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
