বিনিয়োগকারীদের সেবায় বিএসইসির নতুন ওয়েবসাইট
বিনিয়োগকারী, সর্বসাধারণ ও পুঁজিবাজারের অংশীজনদের আরও সহজ, উন্নত ও কার্যকর তথ্য ও সেবা দিতে নতুন ও আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটটির কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমান, সিপিএর তত্ত্বাবধানে কমিশনের আইসিটি ডিভিশনের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে একটি প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নেওয়া হয়েছে।
বিএসইসির নতুন ওয়েবসাইটে সর্বসাধারণ আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস রিলিজ, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধিত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা, আইপিও ও আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজে দেখতে ও সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া বিএসইসির বিভিন্ন সেবা এবং সেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য ও সেবা সম্পর্কে দ্রুত জানতে পারবেন।
বিশ্বের স্বনামধন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। ওয়েবসাইটটিতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং সহজে তথ্য ও সেবা পাওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে।
বিএসইসি বলছে, নতুন ওয়েবসাইটের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণের পাশাপাশি কমিশনের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও গতিশীল হবে।
পুরোনো ওয়েবসাইট বন্ধ
নতুন ওয়েবসাইট চালু হওয়ায় বিএসইসির পূর্ববর্তী ওয়েবসাইটটি রোববার (৬ সেপ্টেম্বর) থেকে বন্ধ থাকবে। ওয়েবসাইট সম্পর্কে মতামত, পরামর্শ বা ফিডব্যাক website@sec.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানো যাবে।
