শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
আজকের সংবাদ

বিনিয়োগের ক্ষেত্রে গুজব বা অননুমোদিত তথ্যের ওপর নির্ভর না। বিএসই-ডিএসই

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজব বা অননুমোদিত তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের বিদ্যমান আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব স্টক ডিলার, স্টক ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধিদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অ্যান্ড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) রুলস, ২০০০-এর দ্বিতীয় তফসিলে বর্ণিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে
ডিএসই আরও জানায়, কেউ যদি ডিএসইর নাম ব্যবহার করে গুজবভিত্তিক তথ্য ছড়ায়, তাহলে কপিরাইট আইন, ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে ডিএসই স্পষ্ট করেছে, তারা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য প্রকাশ করে না। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লিংকডইনসহ কোনো অননুমোদিত উৎসের তথ্যের ওপর নির্ভর না করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের আগে বাজার সম্পর্কে যথাযথ জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা অর্জন করা জরুরি। বিনিয়োগ থেকে লাভ বা লোকসানের দায়-দায়িত্ব বিনিয়োগকারীর নিজের ওপর বর্তায়।
সংস্থাটি বিনিয়োগকারীদের মৌলভিত্তিক বিশ্লেষণ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিএসইসি আরও বলেছে, শেয়ার লেনদেনের সময় কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়। কারণ গুজবের ভিত্তিতে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *