মাহবুবুল আলম এফবিসিসিআইয়ের নতুন সভাপতি
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই-এর নেতৃত্ব দেবেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক অনুষ্ঠানে নতুন সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।
এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য শামছুল আলম ও এমএন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি ড. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি পদে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিনিধি আমিন হেলালীর নাম ঘোষণা করেন।
এছাড়া চেম্বার গ্রুপ থেকে ৩ জন ও সমিতি গ্রুপ থেকে ৩ জন মোট ৬ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি পদে খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও যশোদা জীবন দেবনাথ নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি ও মুনির হোসাইন।
