বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

মিউচ্যুয়াল ফান্ডের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: শিবলী রুবাইয়াত

মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতকে যত শক্তিশালী করা যাবে, দেশের শেয়ারবাজার ততই শক্তিশালী হবে।

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিএসইসির মাল্টিপারপাস হলে খসড়া মিউচ্যুয়াল ফান্ড রুলস, ২০২৪ এর বিষয়ে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, ট্রাস্টি ও কাস্টোডিয়ানদের সঙ্গে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচ্যুয়াল ফান্ড রুলস, ২০২৪ এর খসড়া নিয়ে খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতে আমরা কাজ করব। মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়ন শেয়ারবাজারকে আরো স্থিতিশীল ও টেকসই করবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা চাই মিউচ্যুয়াল ফান্ড খাতে আরো বেশি বিনিয়োগকারী আসুক এবং দেশের অর্থনীতি ও শেয়ারবাজারে তার সুফল আসুক।

স্বাগত বক্তব্যে প্রস্তাবিত বিধিমালার সংস্কারগুলোর যৌক্তিকতা তুলে ধরে কর্মশালায় বিএসইসি’র কমিশনার ড. মিজানুর রহমান বলেন, দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতকে গতিশীল ও প্রাণবন্ত দেখতে চাইলে, এটিকে পুনর্বিন্যস্ত করা ও নতুন রূপে সাজানো দরকার। বাংলাদেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়ন এবং তার জন্য প্রয়োজনীয় যুগোপযোগী আইন তৈরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে।

কর্মশালায় মিউচ্যুয়াল ফান্ড রুলস, ২০২৪ এর খসড়ার ওপর উপস্থাপনা করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও কর্মশালায় খসড়া মিউচ্যুয়াল ফান্ড রুলস, ২০২৪ এর সম্পূর্ণ আইনের ওপর বিস্তারিত প্রেজেন্টেশন করা হয় এবং নতুন আইনের সংযোজন ও বিয়োজনসহ পরিবর্তিত বিষয়গুলো প্রেজেন্টেশনে তুলে ধরা হয়।

কর্মশালায় ‘মিউচুয়্যাল ফান্ড রুলস, ২০২৪’ খসড়ার বিষয়ে বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।

কর্মশালার শেষাংশে মিউচ্যুয়াল ফান্ড খাত সংশ্লিষ্টদের মতামতের পরিপ্রেক্ষিতে শিগগিরই এ-সংক্রান্ত আইনের প্রথম খসড়া চূড়ান্ত করা হবে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *