রোববার পতনের মধ্যেও বিক্রেতা নিখোঁজ চার কোম্পানির
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের দিনেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে খোঁজ মিলেনি চার কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, সেন্ট্রাল ফার্মা ও বেস্ট হোল্ডিং। কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতাশূন্য হওয়ায় বিনিয়োগকারীরা শেয়ারগুলো শেষ বেলা পর্যন্ত চেষ্টা করেও কিনতে পারেনি।
কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের রদর বেড়েছে আজ ৯.৯৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৯৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৭৩ শতাংশ এবং বেস্ট হোল্ডিংয়ের ৯.৬৩ শতাংশ।
এছাড়া, ডিএসইতে আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ কিনারায় ফাইন ফুডস, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম ও লিবরা ফার্মার শেয়ার লেনদেন হতে দেখা গেছে। কোম্পানিগুলোর লেনদেনও আজ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
