বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
আজকের সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

অবশেষে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আবেদুর রহমান সিকদার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নতুন এই ব্যাংকের শীর্ষ পদে যোগ দেন। ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আবেদুর রহমান সিকদারকে এমডি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ২৯ জুন বাংলাদেশ ব্যাংক তার নিয়োগে অনাপত্তিপত্র (এনওসি) দেয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আবেদুর রহমান সিকদার এর আগে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দীর্ঘদিন পূর্ণকালীন এমডি না থাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ধীরগতিতে চলছিল। সংশ্লিষ্টদের আশা, নতুন এমডির নেতৃত্বে দেশের ইতিহাসে আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক-এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সম্পদ, দায়, জনবল ও প্রযুক্তিগত অবকাঠামো একীভূত করার কার্যক্রম আরও গতি পাবে।
এছাড়া বড় অঙ্কের ঋণ ও লেনদেন অনুমোদন, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা এবং আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়াও দ্রুত এগোবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫-এর আওতায় এনে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের আমানতের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটি কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পায়।
বর্তমানে আমানত সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় এসব ব্যাংকের গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের কার্যক্রম চলছে।
ব্যাংক-সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আবেদুর রহমান সিকদারের নেতৃত্বে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, তারল্য সংকট মোকাবিলা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে করপোরেট সুশাসন জোরদারে কোম্পানি সেক্রেটারি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *