সোনালী লাইফের পর্ষদ স্থগিত, নতুন প্রশাসক নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ছয় মাসের জন্য স্থগিত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
গত ১৮ এপ্রিল আইডিআরএ পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আজ রোববার (২১ এপ্রিল) থেকে এ আদেশ কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
নির্দেশনায় আইডিআরএ জানায়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদকে ছয় মাসের জন্য সাসপেন্ড বা স্থগিত করা হয়েছে। একইসাথে বিমা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসকে (অব:) কোম্পানিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বীমা আইন ২০১০ এর ধারা-৯৫(১) এর প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আইডিআরএ।
জানা যায়, অসম্পূর্ণ তথ্য সংরক্ষণ বা তথ্য গোপন, অস্বচ্ছ হিসাবরক্ষণ পদ্ধতি, অভ্যন্তরীণ কন্ট্রোল সিস্টেমের অনুপস্থিতি, ক্যাশ চেকে বড় অংকের লেনদেন, এফডিআর জামানত রেখে বিপুল পরিমান ব্যাংক ঋণ গ্রহণ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাসহ ব্যাংক সিগনেটরিরা প্রায় সকলেই একই পরিবারের সদস্য হওয়ার মাধ্যমে বীমাকারী এমনভাবে কোম্পানির কার্যক্রম পরিচালনা করছে, যাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে কোম্পানি ও বীমা গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে প্রাপ্ত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষা প্রতিষ্ঠান “হুদা ভাসি চৌধুরী এন্ড কোম্পানি”-কে নিয়োগ করা হয়। তদন্তকারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে একাধিক অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রমাণাদি পায় আইডিআরএ।
ফলে বীমাকারী ও বিপুল সংখ্যক বীমা গ্রাহকের স্বার্থ রক্ষার্থে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদকে ছয় মাসের জন্য স্থগিত করে কোম্পানিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থা
