এনভয় টেক্সটাইলকে ৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশের পোশাক খাতে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ সুবিধা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ সুবিধার আওতায় এনভয় টেক্সটাইলস লিমিটেডকে দেওয়া হচ্ছে ৩ কোটি মার্কিন ডলার ঋণ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এডিবি জানায়, পরিবেশবান্ধব শিল্পায়ন ও আধুনিকায়ন এগিয়ে নিতে এ ঋণ সহায়ক হবে। পাশাপাশি গার্মেন্টস খাতে নতুন মানদণ্ডও স্থাপন করবে।
এডিবির তথ্য অনুযায়ী, সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ একটি ভবিষ্যতমুখী পারফরম্যান্সভিত্তিক ঋণ সুবিধা। এখানে নির্দিষ্ট কিছু কর্মক্ষমতার সূচক ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এনভয়ের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোকে মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।
ঋণের অর্থ ব্যবহার করা হবে ময়মনসিংহের ভালুকায় এনভয়ের জামিরদিয়া কারখানায় নতুন স্পিনিং ইউনিট স্থাপন ও নকশা কাজে। নতুন ইউনিট থেকে বছরে অতিরিক্ত ৪ হাজার ৫৫০ টন সুতা উৎপাদন হবে, যা মূলত ডেনিম তৈরিতে ব্যবহার হবে। কারখানাটি হবে স্বয়ংক্রিয় ও জ্বালানি-সাশ্রয়ী। এ ছাড়া ছাদে ৩.৫ মেগাওয়াট সৌর প্যানেল বসানো এবং স্থানীয় স্বল্পমেয়াদি কার্যকরী মূলধন ঋণ পুনঃঅর্থায়নেও এ অর্থ কাজে লাগবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এনভয় দেশের অন্যতম শীর্ষ ডেনিম প্রস্তুতকারক। এডিবি আনন্দিত যে বাংলাদেশে প্রথম সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ আমরা এনভয়কে দিচ্ছি।”
এনভয়ের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, “এডিবির অব্যাহত সহায়তা আমাদের জন্য গর্বের। এ ঋণ উৎপাদন সক্ষমতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং পরিবেশগত প্রভাব কমাতে বড় ভূমিকা রাখবে।”
বর্তমানে এনভয় টেক্সটাইল বছরে ৫ কোটি ৪০ লাখ গজ ডেনিম উৎপাদন করে, যা দেশের মোট সক্ষমতার প্রায় ১০ শতাংশ। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম প্লাটিনাম লিড সনদপ্রাপ্ত ডেনিম কারখানার মালিক।
ময়মনসিংহের ৪৫ একর জমিতে গড়ে ওঠা এ কারখানা ২০০৮ সালে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে এবং ২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপ নেয়। এখানে দেশের প্রথমবারের মতো রোপ ডাইং প্রযুক্তি ব্যবহার করা হয়। এনভয়ের নিজস্ব স্পিনিং সুবিধা রয়েছে, যা প্রতিদিন ৭০ টন সুতা উৎপাদনে সক্ষম।
