প্রাইম ব্যাংক ডিজিটাল ব্যাংক ও এমএফএসে বিনিয়োগ করবে
প্রাইম ব্যাংক লিমিটেড তার ব্যবসা সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং ডিজিটাল ব্যাংকিংয়ে বিনিয়োগ করবে। এছাড়া মিউচুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল পরিচালনার জন্য ব্যাংক একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন করবে।
সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের ৫৪৬তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাইম ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রাইম ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য একটি সাবসিডিয়ারি স্থাপন করবে। এই কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা।
প্রাইম ব্যাংক ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠা করবে।
অন্যদিকে, দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক ‘DG10 Bank PLC’ নামে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য যে কনসোর্টিয়াম গঠন করছে প্রাইম ব্যাংক তাতে যোগ দেবে। প্রাইম ব্যাংক প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ দেবে, যার পরিমাণ হবে ১২.৫ মিলিয়ন টাকা।
উক্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
