অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড (এওএল) প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে উত্তোলিত অর্থের বড় অংশ নির্ধারিত খাতে ব্যবহার সম্পন্ন করেছে। তবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও তহবিল থেকে ২৪ লাখ ১১ হাজার ৬৬৬ টাকা অব্যবহৃত রয়েছে। এ সময়ে আইপিও তহবিলের অর্থ থেকে কোনো নতুন ব্যয়ও করা হয়নি। সম্প্রতি প্রকাশিত নিরীক্ষকের সনদপত্রে এসব তথ্য উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ২০২০ সালের ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আইপিওর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি এই অর্থ ব্র্যাক ব্যাংকের একটি পৃথক হিসাবে সংরক্ষণ করে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনপত্র অনুযায়ী বিভিন্ন খাতে ব্যয় করে।
প্রতিবেদন অনুযায়ী, আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকার মধ্যে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ১৪ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার ৩৩৪ টাকা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে নতুন প্ল্যান্ট শেড ও স্টোর শেড নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার ৪১ টাকা, যা অনুমোদিত বরাদ্দের তুলনায় ১৫ হাজার ৭৯১ টাকা বেশি। নতুন প্ল্যান্ট ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হয়েছে ৪ কোটি ২৪ লাখ ২৫০ টাকা এবং ব্যাংক ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে ২ কোটি টাকা।
এ ছাড়া আইপিও-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয়ে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৪৩ টাকা। ফলে আইপিও তহবিল থেকে মোট অব্যবহৃত অর্থ দাঁড়িয়েছে ২৪ লাখ ১১ হাজার ৬৬৬ টাকা।
