বুধবার, জুলাই ১, ২০২৬
কোম্পানি সংবাদ

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির নতুন চেয়ারম্যান পটিয়ার মাসুদ করিম

চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতী সন্তান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মাসুদ করিম শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৭০তম সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১ জুলাই) থেকে তিনি চেয়ারম্যান এবং সাব্বির-উল-কবির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সুশাসন, আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহকের আস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে।

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের সন্তান মোহাম্মদ মাসুদ করিম দেশের অন্যতম শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মাসুদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি মাসুদ প্রপার্টিজ লিমিটেড ও আজলান মোটরসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পটিয়ার কাগজীপাড়ায় অবস্থিত শাফি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং রুকু গার্ডেন কনভেনশন হলের স্বত্বাধিকারী হিসেবেও তিনি পরিচিত। ব্যবসা, শিল্প ও করপোরেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার জন্য তিনি ব্যবসায়িক অঙ্গনে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সংশ্লিষ্টদের বিশ্বাস, তাঁর নেতৃত্বে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকসেবা, স্বচ্ছতা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্তে পৌঁছাবে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ মাসুদ করিম পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা অটুট রাখা, সুশাসন নিশ্চিত করা এবং আধুনিক ও উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও বেগবান করার লক্ষ্যে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *