রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর শীর্ষ লেনদেনে টেক্সটাইলের আধিপত্য

সেপ্টেম্বরের প্রথমার্ধে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বস্ত্র খাতের কোম্পানিগুলো। এ সময়ে শীর্ষ ২০ কোম্পানির মধ্যে ছয়টি টেক্সটাইল কোম্পানি স্থান করে নিয়েছে। এর মধ্যে তিনটি কোম্পানির লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইর পাক্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লেনদেনের শীর্ষে রয়েছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ। এরপর রয়েছে ‘এ’ ক্যাটাগরির মালেক স্পিনিং মিলস ও এনভয় টেক্সটাইল। শীর্ষ লেনদেনকারী কোম্পানির তালিকায় আরও রয়েছে ‘বি’ ক্যাটাগরির সায়হাম টেক্সটাইল ও সায়হাম কটন মিলস এবং ‘এ’ ক্যাটাগরির প্যারামাউন্ট টেক্সটাইল।

সেপ্টেম্বরের প্রথমার্ধে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ২৪৫ কোটি ৮৬ লাখ টাকার। ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪ শতাংশই এসেছে কোম্পানিটির শেয়ার থেকে। লেনদেনের পরিমাণের পাশাপাশি শেয়ার লেনদেনের সংখ্যাতেও শীর্ষে ছিল কোম্পানিটি। এ সময়ে শার্প ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যা ডিএসইতে মোট লেনদেন হওয়া শেয়ারের প্রায় ৫ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে মালেক স্পিনিং মিলসের শেয়ার লেনদেন হয়েছে ২১৩ কোটি ৬২ লাখ টাকার। এনভয় টেক্সটাইলের লেনদেন হয়েছে ২০৮ কোটি ২৭ লাখ টাকা। এছাড়া সাইহাম টেক্সটাইলের ২০১ কোটি ২৪ লাখ, সাইহাম কটন মিলসের ১৯০ কোটি ৫ লাখ এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত মোট ১১ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৩৮২ কোটি ৮০ লাখ টাকা। এ সময়ে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৫৮০ কোটি ২৫ লাখ টাকা।

তবে উচ্চ লেনদেনের বিপরীতে বাজার সূচকে ছিল নিম্নমুখী প্রবণতা। ১৫ সেপ্টেম্বর দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৫ দশমিক ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করে।

এদিকে সেপ্টেম্বরের প্রথমার্ধে শেয়ারদর বৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। মাসের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১০৬ টাকা ৯০ পয়সা। ১৫ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৩৮ টাকা ৮০ পয়সায়। ফলে আলোচ্য সময়ে শেয়ারটির দাম বেড়েছে ২৯ দশমিক ৮৪ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় এরপর রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর ২৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১৭ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ২৫ দশমিক ৪২ শতাংশ, যা ৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে।

এ ছাড়া মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর ২৪ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৫০ টাকা ৪০ পয়সায় এবং এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ২২ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৫ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

অন্যদিকে, লেনদেনের শীর্ষে থাকা শার্প ইন্ডাস্ট্রিজই শেয়ারদর পতনের দিক থেকেও শীর্ষে ছিল। কোম্পানিটির শেয়ারদর ২৩ দশমিক ৪৩ শতাংশ কমে ১৮ টাকা ৩০ পয়সায় নেমে এসেছে।

এ সময়ে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর ২৩ দশমিক ১২ শতাংশ কমে ৪২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। একইভাবে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ১৯ দশমিক ৭২ শতাংশ কমে ১৭৬ টাকা ৭০ পয়সায় নেমে আসে। তবে বর্মানে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর চাঙ্গাভাবে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *