এজিএমের পরদিনই ১৮০% নগদ লভ্যাংশ বিতরণ করল ওয়ালটন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: ২০২৫-২৬ হিসাব বছরের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ এজিএমের পরদিনই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। একই সঙ্গে কোম্পানিটির ১০ শতাংশ স্টক লভ্যাংশও অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। সভার একদিন পরেই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়েছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার পাবেন।
২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটনের মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, আগের বছর যা ছিল ৩১ টাকা ১১ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ গ্রিন এনার্জি সক্ষমতা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রমে ব্যয় করা হবে।
