মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
কোম্পানি সংবাদ

১২ কোটি টাকা তুলতে কিউআইও আবেদন প্রত্যাহার করছে রয়্যাল ফুটওয়্যার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসছে রয়্যাল ফুটওয়্যার।

অর্থ উত্তোলন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং নির্ধারিত সময়ে অর্থের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এখন ব্যাংকঋণ ও নিজস্ব তহবিলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে চায় কোম্পানিটি।

 

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো এক চিঠিতে কিউআইও আবেদন প্রত্যাহারের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে রয়্যাল ফুটওয়্যার। একই সঙ্গে কিউআইওর জন্য জমা দেওয়া ১ লাখ ২০ হাজার টাকার সম্মতিসূচক ফি ফেরত দেওয়ারও অনুরোধ জানিয়েছে কোম্পানিটি। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কোম্পানির চিঠি ও পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনায় দেখা যায়, গত ১৪ জুলাই বিএসইসি রয়্যাল ফুটওয়্যারকে কিউআইওর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়। নবগঠিত কমিশনের প্রথম কিউআইও অনুমোদন হিসেবে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল সংস্থাটি। পরবর্তী সময়ে ২ আগস্ট বিএসইসি সম্মতিপত্র ইস্যু করে। একই দিন কোম্পানিটি চূড়ান্ত প্রসপেক্টাস যাচাইয়ের জন্য কমিশনে জমা দেয়। সম্মতিপত্রের শর্ত অনুযায়ী, তিন কার্যদিবসের মধ্যে প্রসপেক্টাস যাচাইয়ের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।

 

তবে নির্ধারিত সময়ের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ হয়নি। এর পরিবর্তে ১০ আগস্ট বিএসইসি কোম্পানির কাছে একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠায় এবং ১৬ আগস্টের মধ্যে জবাব দিতে বলে। কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যেই ওই চিঠির জবাব দেয়।

 

 

এরপর ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) রয়্যাল ফুটওয়্যার পরিদর্শনের নির্দেশ দেয় বিএসইসি। কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর সিএসই চিঠি ইস্যু করে। পরদিন ৩০ সেপ্টেম্বর সিএসইর পরিদর্শক দল কোম্পানির কার্যালয় পরিদর্শন করে। পরিদর্শন শেষে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দেয় রয়্যাল ফুটওয়্যার।

 

কোম্পানিটির ভাষ্য, বিএসইসি ও সিএসইর সব শর্ত এবং নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলেও দীর্ঘদিন ধরে কিউআইও প্রক্রিয়া আটকে রয়েছে। এ বিষয়ে কমিশনের কাছ থেকে পরবর্তী কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তও পায়নি তারা। ফলে সম্মতিপত্র পাওয়ার পরও অর্থ উত্তোলন সম্ভব হয়নি।

 

চিঠিতে রয়্যাল ফুটওয়্যার জানিয়েছে, দীর্ঘসূত্রতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পর্ষদ বিকল্প অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যাংকঋণ অথবা কোম্পানির নিজস্ব তহবিল ব্যবহার করে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।

 

এদিকে কিউআইওর জন্য গত ২৯ জুলাই বিএসইসিতে ১ লাখ ২০ হাজার টাকা সম্মতিসূচক ফি জমা দিয়েছিল কোম্পানিটি। আবেদন প্রত্যাহারের পাশাপাশি জমা দেওয়া এই অর্থ ফেরত দেওয়ার বিষয়টিও বিবেচনার জন্য কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে রয়্যাল ফুটওয়্যার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *