খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করবে বিএবি ও এবিবি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, মূলধন ভিত্তি শক্তিশালী করা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মো. মোস্তাকুর রহমানের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএবির সদস্য ব্যাংকগুলোর চেয়ারম্যান এবং এবিবির সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেন।
সভাটির মূল উদ্দেশ্য ছিল বিএবি ও এবিবির মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং খেলাপি ঋণ (এনপিএল) কমানো ও মূলধন ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করা।
সভায় বিএবির চেয়ারম্যান আবদুল হাই সরকার বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে অ্যাসেট পলিসি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জন্য কী পারসন নির্ধারণ, প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইন সংশোধন এবং বন্ধ ও দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন।
এ ছাড়া তিনি ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্যদের ক্ষেত্রে নিয়ন্ত্রক বিধিবিধান সহজ করার এবং স্বতন্ত্র পরিচালকদের বিষয়ে বিদ্যমান বয়সসীমা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি অনুরোধ জানান।
গভর্নর তাঁর বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একযোগে কাজ করার জন্য বিএবির উদ্যোগকে স্বাগত জানান। তিনি খেলাপি ঋণ কমানো, বিশেষ করে কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানো, এজেন্ট ব্যাংকিংয়ের ওপর ব্যাংকের নির্ভরতা কমানো এবং অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জনে উপযোগী পণ্য উদ্ভাবনের জন্য ব্যাংকগুলোকে উৎসাহিত করেন। এ ছাড়া উপশাখার জন্য উপযুক্ত অবকাঠামো তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন।
সভায় প্রতি তিন মাস অন্তর এ ধরনের যৌথ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে ব্যাংক খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএবির পক্ষে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এবং এবিবির পক্ষে ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
